সোমবার ৯ নভেম্বর ২০২৬ - ২১:৩৮
শিয়া ধর্মীয় মতাদর্শ দমনের কথা স্বীকার করলেন বাহরাইনের পুলিশপ্রধান

বাহরাইনের পুলিশপ্রধান তারেক বিন হাসান আল হাসান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিয়া মুসলমানদের ধর্মীয় মতাদর্শ দমনে আল খলিফা সরকারের প্রতিশোধমূলক নীতির কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্যে ধর্মীয় বিশ্বাসকে অপরাধ হিসেবে চিহ্নিত করার প্রবণতা এবং বিভ্রান্তিকর যুক্তির প্রতিফলন ঘটেছে।

বাহরাইনের সংবাদমাধ্যম ‘মিরাত আল-বাহরাইন’-এর বরাত দিয়ে হাওজা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ধর্মীয় বিশ্বাসের বিকৃতি ও বিভ্রান্তিকর অভিযোগ
বাহরাইনের পুলিশপ্রধানের বক্তব্যে স্পষ্ট বিভ্রান্তিকর যুক্তি ও বিকৃতির আশ্রয় নেওয়া হয়েছে। মূলত এসব বক্তব্যের মাধ্যমে আল খলিফা সরকারের দমনমূলক অভিযানের পক্ষে জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে। নিজেদের কর্মকাণ্ডকে বৈধ প্রমাণ করতে গিয়ে একটি ভিন্ন ধর্মীয় বিশ্বাসকে বিকৃত ও অবমাননাকরভাবে উপস্থাপন করা হচ্ছে।

আল হাসান দাবি করেছেন, আটক ব্যক্তিরা ইরানের প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে তিনি অভিযোগের মাত্রা বাড়ানোর পাশাপাশি ধর্মীয় আলেমদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং তাঁদের নিজ দেশের প্রতি বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করতে চাইছেন।

অর্থাৎ, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ তুলেই তিনি ক্ষান্ত হচ্ছেন না; বরং আরও বিপজ্জনকভাবে একটি সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসকে অপরাধের প্রমাণ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন। যেন বেলায়াতে ফকিহ তত্ত্বে বিশ্বাস কিংবা ভৌগোলিক সীমান্তের বাইরে কোনো ধর্মীয় মারজা/নপতাকে অনুসরণ করাই স্বয়ংক্রিয়ভাবে অপরাধ!

ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক আনুগত্য এক বিষয় নয়
এখানে একটি মৌলিক বিভ্রান্তির অবসান হওয়া প্রয়োজন। ধর্মীয় মারজা অনুসরণ করার অর্থ কোনো বিদেশি রাষ্ট্রের কাছে রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করা নয়। ধর্মীয় আনুগত্য জাতীয় পরিচয়কে বিলুপ্ত করে না। একইভাবে, কোনো ধর্মীয় আলেমের সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক থাকার অর্থ এই নয় যে তাঁর অনুসারী ওই আলেমের দেশের রাজনৈতিক অধীনস্থ হয়ে যাবেন।

এগুলো অত্যন্ত স্বাভাবিক ও সুস্পষ্ট বিষয়। কিন্তু কোনো সরকার যখন ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়গুলোকে একাকার করে ফেলে এবং ধর্মীয় ও চিন্তাগত বৈচিত্র্যকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উপস্থাপন করে, তখন এসব মৌলিক বিষয় স্পষ্ট করা জরুরি হয়ে পড়ে।

ধর্মীয় মতপার্থক্যকে নিরাপত্তা সংকট হিসেবে উপস্থাপন
আল হাসান ‘সমস্যার শিকড় থেকে সমাধান’ করার কথাও বলেছেন। শিয়া ধর্মীয় আলেমদের লক্ষ্য করে চলমান দমনমূলক অভিযানের প্রেক্ষাপটে এ বক্তব্য নিছক সাধারণ কোনো মন্তব্য নয়। বরং এটি এমন এক মানসিকতার বহিঃপ্রকাশ, যেখানে ধর্মীয় মতপার্থক্যকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা না করে নির্মূলযোগ্য সমস্যা হিসেবে দেখা হয়।

প্রশ্ন হলো, বাহরাইনের নাগরিকদের কি নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ফিকহি মতাদর্শ পরিত্যাগ করতে বলা হচ্ছে, যাতে তাঁরা দেশপ্রেম প্রমাণ করতে পারেন? নাগরিকত্ব কি এখন এমন ধর্মীয় মারজাদের অনুসরণ থেকে বিরত থাকার শর্তে আবদ্ধ, যাঁদের নির্বাচন করার অধিকার সরকার নিজের হাতে রাখতে চায়?

প্রমাণের অভাব ও মৌলিক প্রশ্ন এড়িয়ে যাওয়া
আরও পরিহাসের বিষয় হলো, আল হাসান জাতীয় সার্বভৌমত্বের পক্ষে কথা বলছেন। অথচ সেই সার্বভৌমত্বের দোহাই দিয়েই নাগরিকদের বিবেক ও ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করা হচ্ছে এবং ধর্মীয় দায়িত্ব ও বিশ্বাসের কারণে আলেমদের হয়রানি করা হচ্ছে।

এ ছাড়া আল হাসান ইচ্ছাকৃতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন: আটক আলেমরা ইরানের পক্ষে রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন কিংবা সরকার উৎখাতের চেষ্টা করেছেন—এমন অভিযোগের সপক্ষে প্রমাণ কোথায়?

কর্তৃপক্ষের কাছে যদি নির্দিষ্ট অপরাধের প্রমাণ থাকে, তাহলে তা একটি স্বাধীন আদালতে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

আনুগত্য, মগজধোলাই কিংবা মতাদর্শ নিয়ে অস্পষ্ট অভিযোগ তুললেই তা সত্যে পরিণত হয় না। এসব অভিযোগের ভিত্তিতে নাগরিকদের ধর্মীয় বিশ্বাসের কারণে শাস্তি দেওয়ার বৈধতাও প্রতিষ্ঠিত হয় না।

সংকট সমাধানের বদলে কৃত্রিম শত্রু তৈরি
তারেক আল হাসান যা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা নয়; বরং বাহরাইনের সমাজের একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত নিরাপত্তাভিত্তিক দমন-পীড়নের পক্ষে অজুহাত তৈরি করা।

অভ্যন্তরীণ বিভাজন দূর করা, সংকটের প্রকৃত কারণ অনুসন্ধান এবং জনগণের হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধারের পরিবর্তে সরকার একটি কৃত্রিম শত্রু তৈরির পথ বেছে নিচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha